বেনজীরের সাভানা পার্কে ৬ দিনের আয় তিন লাখের বেশি

আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:৩৪ পিএম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের আলোচিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকারি ব্যবস্থাপনায় চালুর পর তিন লাখ ২৬ হাজার ৪৬১ টাকা সরকারি কোষাগারে জমা করেছেন তদারকি কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (২০ জুন) এক লাখ ৬০ হাজার টাকা জমার মধ্য দিয়ে এই টাকা ব্যাংকে দেওয়া হলো। 

এদিন বিকালে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের উপ-পরিচালক ও তদারকি কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান বলেন, গত ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত ছয় দিনে পার্কের মধ্যে দর্শনার্থী প্রবেশ এবং রাইড ফি বাবদ আয় হয়েছে দুই লাখ ৭১ হাজার ৫ টাকা, কাশফুল বিক্রি বাবদ আয় ২০ হাজার টাকা ও আম বিক্রি বাবদ ৪৮ হাজার ২১৬ টাকা। সব মিলিয়ে আয় হয়েছে তিন লাখ ২৬ হাজার ৪৬১ টাকা।

এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় যে হিসাব খোলা হয়েছে সেই হিসাবে জমা করা হয়েছে।

আদালতের নির্দেশনা মোতাবেক সাভানা পার্ক তদারকি কমিটি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত শুক্রবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হয়। ওই দিন সকাল থেকে আগের মত ১০০ টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করেন দর্শনার্থীরা। গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দিয়েছিল পার্ক কর্তৃপক্ষ।

এরপর ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। ১৩ জুন পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালককে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত