গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মেহেরপুরে ১৬৩ মিলিমিটার। এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে কক্সবাজারে ৮৭, বাগেরহাটের মোংলায় ৮৫, মাদারীপুরে ৭৬, বরগুনায় ৬০, নেত্রকোনায় ৫৯, গোপালগঞ্জে ৫৩, নড়াইলে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের আটটি বিভাগেরই অধিকাংশ জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
আজ শুক্রবার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরশু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
