টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের কুলাউড়া জংশন ও ছকাপন রেলস্টেশনের মাঝখানে রেলপথের কিছু স্থানে পানি উঠেছে। এতে ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ।
শুক্রবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, নির্দেশনা মোতাবেক সব ট্রেন চলাচল করছে। ওই রেলপথ দিয়ে প্রতিদিন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেটগামী বিভিন্ন আন্তনগর ও মেইল ট্রেন চলাচল করে।
তিনি আরও বলেন, পানি উঠা ওই স্থানে পাহারাদার রাখা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
