কুলাউড়ায় ১০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন

আপডেট : ২২ জুন ২০২৪, ০২:৪০ এএম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের কুলাউড়া জংশন ও ছকাপন রেলস্টেশনের মাঝখানে রেলপথের কিছু স্থানে পানি উঠেছে। এতে ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, নির্দেশনা মোতাবেক সব ট্রেন চলাচল করছে। ওই রেলপথ দিয়ে প্রতিদিন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেটগামী বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে।

তিনি আরও বলেন, পানি ওঠা ওই স্থানে পাহারাদার রাখা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলার চারটি নদীর মধ্যে মনু ও ধলাইয়ের পানি কমতে শুরু করেছে। বাকি দুটি কুশিয়ারা ও জুড়ী নদীর পানি এখনো বিপদসীমার ওপরে রয়েছে। বৃষ্টি না হলে পানিগুলো নেমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে দেশ রূপান্তরকে জানান মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত