ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে সংস্থাটির আশে-পাশে আশ্রয় নেওয়া ২২ জনের প্রাণহানি হয়েছে।
এছাড়া ইসরায়েলের এই হামলায় আহত হয়েছে আরও ৪৫ জন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ গোলা হামলা চালায় দখলদার দেশটি।
শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে আইআরআইসি জানায়, "শুক্রবার বিকেলে গাজায় রেড ক্রিসেন্টের কার্যালয়ের কাছাকাছি ভারী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় রেড ক্রিসেন্টের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি সংস্থাটির ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক লোক দ্বারা বেষ্টিত।"
বিবৃতিতে আরও বলা হয়, "এই হামলার ঘটনায় নিকটবর্তী রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতালে ব্যাপক হতাহতের আগমন ঘটে। এই হামলায় ২২ জন নিহত হয়েছে এবং অন্তত ৪৫ জন আহত হয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে রেড ক্রস হাসপাতাল।
সংস্থাটি এই হামলার নিন্দা জানিয়ে বলে, যে কোন যুদ্ধে, বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধার ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করার জন্য সমস্ত পক্ষের বাধ্যবাধকতা রয়েছে। এ সময় আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বান জানিয়েছে আইআরআইসি।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।
অন্যদিকে, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এই হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
