পাকিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য নিহত

  • খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার সাদ্দা এলাকায় সেনা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ হয়
  • এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেনি
আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৩৩ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির ৫ সেনা সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২১ জুন) খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার সাদ্দা এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় সেনা বাহিনীর গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় পাকিস্তানের সেনাবাহিনী।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ সাহসী বীর প্রাণ হারিয়েছেন। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, পাঁচ সেনা সদস্য দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তারা বিস্ফোরণে শাহাদাত বরণ করেছেন।

সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) আরও জানিয়েছে যে, সন্ত্রাসীদের নির্মুলে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হচ্ছে এবং এই বিস্ফোরণের দায়ে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় বিভিন্ন শাখা সক্রিয় রয়েছে। ওইসব এলাকায় এসব জঙ্গি গোষ্ঠী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে থাকে।

চলতি মাসের শুরুতে একই ধরনের হামলায় একই প্রদেশের লাকি মারওয়াত জেলায় সাত সেনা নিহত হয়। সে সময় একটি উন্নত বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। এতে ছয়জন সেনা সদস্য এবং এক সেনা কর্মকর্তা নিহত হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত