উপজেলা কৃষক লীগ সভাপতির বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

আপডেট : ২৩ জুন ২০২৪, ০১:৪৩ এএম

নওগাঁর বদলগাছী উপজেলা কৃষক লীগের সভাপতির বিরুদ্ধে এক নারীর ছাগল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জাহেরা বেগম নামে এক নারী।

অভিযুক্ত উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হক হিরো (৪১)। তিনি সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার ছামসুল আলমের ছেলে।

গত ১৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হঠাৎপাড়া (মাস্টারপাড়া) এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন।

জাহেরা বেগমের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ছামসুল আলমের ছেলে ছানাউল হক হিরো ও একই এলাকার জাহেরা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৫ জুন দুপুরে জাহেরা বেগমের ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) বাড়ির সামনে গেলে তা ভেতরে নিয়ে যান ছানাউল হক হিরো।

এরপর আর ছাগলটির সন্ধান পাননি। পরে গোপন মাধ্যমে জানতে পারেন ছানাউল হক হিরো ছাগলটি বিক্রি করে দিয়েছেন।

জাহেরা বেগম বলেন, গোপনে জানতে পেরে ছাগলের সন্ধানের জন্য হিরোর কাছে গেলে তিনি গালাগাল করেন এবং মারধরের হুমকি দেন। নিরুপায় হয়ে থানা পুলিশের সহযোগিতা চেয়েছি।

মাস্টারপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জাহেরা বেগমের ছাগল চুরির ঘটনার সত্যতা রয়েছে। কিন্তু এলাকাবাসী মুখ খুলতে রাজি নন ছাগলটি কে চুরি করেছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হক হিরো বলেন, ‘জাহেরা বেগম থানায় ছাগল চুরির অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে দেখুক, আমার বা আমার পরিবারের এ ধরনের কোনো রেকর্ড আছে কি না। এর বেশি কিছু বলতে রাজি হননি হিরো।’

বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান জানান, গত শুক্রবার ছাগল চুরির ঘটনায় জাহেরা বেগম নামে এক নারী ছানাউল হক হিরোর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের দুই পরিবারের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত