সুয়ারেজকে ছাড়াই সহজ জয়ে কোপা শুরু উরুগুয়ের

আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:০৬ এএম

একাদশে ছিলেন না, বদলি হিসেবেও নামতে দেখা যায়নি। তবুও লুইস সুয়ারেজকে ছাড়াই সহজ জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে উরুগুয়ে।

আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুয়ারেজবিহীন উরুগুয়ের হয়ে গোল করেছেন ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, দারউইন নুনিয়েজ ও মাতিয়াস ভিনা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামের ম্যাচটিতে ভিনার বাড়ানো বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন আরাউহো। তাতে উরুগুয়ে এগিয়ে যায় ১৬ মিনিটেই। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৫ নম্বর দল পানামা অবশ্য একেবারে কোণঠাসা থাকেনি। সুযোগ বুঝে আক্রমণে ওঠার চেষ্টা করেছে বারবার। তবে প্রথমার্ধের বাকি সময়ে আর গোল করতে পারেনি কোনো দলই।

ম্যাচের পরের তিনটি গোলই হয়েছে শেষ দিকে। ৮৫ মিনিটে বক্সের মাঝ থেকে দারুণ শটে বল পানামার জালে পাঠান লিভারপুল তারকা নুনিয়েজ। পাঁচ মিনিট পর হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ভিনা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পানামার হয়ে এক গোল শোধ দেন আমির মুরিলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত