বিদ্যুৎ বিল বকেয়া, চমেকের সংযোগ কাটল পিডিবি

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:০৫ পিএম

৬০ লাখ টাকার বকেয়া বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। 

আজ সোমবার (২৪ জুন) বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন।

তিনি জানান, চমেকের প্রায় কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া। তাই কলেজের একাংশের (একাডেমিক ভবন) সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধের জন্য গত এপ্রিল থেকে বিভিন্ন সময়ে আমরা তাদেরকে নোটিশ দিয়ে আসছি। কিন্তু বিল পরিশোধে পদক্ষেপ নেয়নি তারা।’

জানা গেছে, কলেজ ও হাসপাতাল মিলে ছয় মাসের বিল বাবদ ১ কোটি ২৯ লাখ টাকা বকেয়া রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। এর মধ্যে কলেজের মিটারেই বকেয়া রয়েছে ৬০ লক্ষাধিক টাকা। তবে চমেক হাসপাতালে হাজার হাজার রোগী চিকিৎসাধীন থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এ বিষয়ে বক্তব্য নিতে আজ সোমবার একাধিকবার কল করলেও মোবাইল ফোন রিসিভ করেননি চট্টগ্রাম মেডিকলে কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ‘চমেক হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার সকালে কলেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত