বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, খালেদা জিয়া জেলের বাইরে এসে চিকিৎসা নিতে পারছেন প্রধানমন্ত্রীর মানবিকতা ও উদারতার কারণে। তাকে কেন আমরা হত্যা করব? হত্যার রাজনীতি তো শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা।
আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুবিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবরা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে অনেক কথা বলেন। কিন্তু তারা খালেদা জিয়ার জন্য একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেননি। লিগ্যাল ব্যাটলকে প্রলম্বিত করে তারা মামলার বিষয়টিকে এত দূর নিয়ে এসেছেন। সত্যি কথা বললে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছেন।
দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া মামলাগুলোতে বিএনপি অযথাই আইনি লড়াই প্রলম্বিত করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছিল। কিন্তু তদন্ত করে কিছু পায়নি। মামলা দায়ের হওয়ার পর খালেদা জিয়া কোর্টে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, যা মামলার রায় ঘোষণাকে প্রলম্বিত করেছে।
তিনি বলেন, খালেদা জিয়া জেলের বাইরে এসে যে চিকিৎসা নিতে পারছেন, নিজের বাসায় থাকতে পারছেন এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিকতা ও উদারতার কারণে। তাকে কেন আমরা হত্যা করব? হত্যার রাজনীতি তো শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টের মাস্টারমাইন্ড বিএনপি। তারা এ দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। আমরা এর শিকার। আমরা কাউকে হত্যা করিনি, ষড়যন্ত্র করিনি বলেও জানান তিনি।
এডিসি সাকলায়েনের বিরুদ্ধে এবার পিয়া জান্নাতুলের অভিযোগ
উদ্বোধনের পাঁচ মাসেই অযোধ্যার রামমন্দিরের ছাদে ফাটল