ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডা. অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে নগরীর পণ্ডিতপাড়া এলাকার একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
এর আগে অপর্ণা বসাক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশ্যে লিখেন- ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পরিবার থেকে ঘটনাটি আমাদের জানালে, আমরা রান্নাঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। যাকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, আমার তার খোঁজ করছি।
পুলিশ জানায়, ওই নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি ময়মনসিংহের চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে বিগত প্রায় একবছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের মালিক মশিউর আলম চন্দন বলেন, ওই নারী চিকিৎসক বিগত প্রায় এক বছর ধরে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। শুনেছি ভোরে তিনি নগরীর পণ্ডিতপাড়া এলাকার বাসায় আত্মহত্যা করেছেন।
