ভারতের সঙ্গে বাংলাদেশের রেল ট্রানজিট চুক্তি বাতিলে আইনি নোটিশ

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৯:৪৯ পিএম

বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগকারী রেল ট্রানজিট সমোঝোতা চুক্তি বাতিলের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান ‌রেল সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব ও আইন সচিবের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।

এতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও ভবিষ্যতে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সংঘাত এড়াতে এই নোটিশ পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ট্রানজিট সংক্রান্ত সমোঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের ‘ব্যালেন্স অব পাওয়ার’ নীতি হুমকির মুখে পড়েছে। ফলে ভারতের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হ‌ওয়ার পাশাপাশি ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সামরিক সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে।’

নোটিশে আরও বলা হয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অবস্থা স্বাভাবিক নয়। রাজ্যগুলোতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা ভারত থেকে স্বাধীনতা  চায়। এ ছাড়া ভারতের অরুনাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে ব্যাপক বিবাদ রয়েছে। এসব কারণে ভারতের মূল ভূখন্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দ্রুত সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য বাংলাদেশের রেল ট্রানজিট প্রয়োজন। ভারত তার সামরিক সরঞ্জাম পাঠানোর নিরাপদ রাস্তা হিসেবে বাংলাদেশের রেল  ট্রানজিট ব্যাবহার করতে চাইছে।’

নোটিশে ৭ দিনের মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং ভবিষ্যতে চীনের সঙ্গে সামরিক সংঘাত সৃষ্টিকারী এই রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিলের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্ট রিট মামলা করা হবে বলে জানান নোটিশকারী আইনজীবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত