গুগল ম্যাপসে রাজধানী ঢাকার কারওয়ান বাজারের মেট্রোরেল স্টেশনের পাশের একটি জায়গার নাম দেওয়া হয়েছে 'এখানে মোবাইল চুরি হয়'। সত্যিই কী মোবাইল চুরি হয়? একজন আবার সেখানে কমেন্টও করেছেন। তার আইফোন ১৪ প্রো ম্যাক্স ওই জায়গা হতে চুরি হয়েছে।
শুধু কারওয়ান বাজার নয়, বাংলামোটরের ট্রাফিক পুলিশ বক্সের কাছের একটি জায়গার নামও দেওয়া হয়েছে— 'এখানেও মোবাইল চুরি হয়'। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের কাচপুরেরও গুগল ম্যাপসে এই জাতীয় লোকেশন পিন যুক্ত করা হয়েছে।
কারওয়ান বাজারের পিনে জিহাদ ইবনে রিশাদ নামের এক ব্যক্তি কমেন্ট করেছেন, 'চোরের অভাব নেই এখানে।' সালমান আহমেদ লিখেছেন, 'আসলেই চুরি হয়।' আবার শাহিনুর রহমান জানতে চেয়েছেন, 'চুরি নাকি ছিনতাই?'
কেউ কেউ আবার সতর্কও করেছেন। বায়েজিদ আহমেদ লিখেছেন, 'সবাই সবাধানে থাকবেন।' আবিদ রহমান লিখেছেন, 'ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য।'
আবার আব্দুল্লাহপুর বাস্ট্যান্ডের পাশের একটি স্থানের নাম দেওয়া হয়েছে, 'এখানে মোবাইল ছিনতাই হয়।'
গুগল ম্যাপস হলো একটি ওয়েব ম্যাপিং প্ল্যাটফর্ম। এটি থেকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখে নেওয়া যায়। পাশাপাশি কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে তা–ও জানা যায়। এটি স্যাটেলাইট চিত্র, এরিয়াল ফটোগ্রাফি, রাস্তার মানচিত্র, রাস্তার ৩৬০ ডিগ্রি ইন্টারেক্টিভ প্যানোরামিক ভিউ, রিয়েল-টাইম ট্রাফিক পরিস্থিতি এবং পায়ে হেঁটে, গাড়িতে, বাইকে, বিমান ভ্রমণের রুট দেখিয়ে থাকে। ফলে অপরিচিত কোনো এলাকায় যাওয়ার জন্য বা ঠিকানা খুঁজতে গুগল ম্যাপস ব্যবহার করে থাকেন অনেকেই।
গুগল ম্যাপসে লোকাল গাইডরা পয়েন্ট যুক্ত করতে ও লেভেল বাড়াতে বিভিন্ন কন্টেন্ট যুক্ত করে থাকে। এর মধ্যে স্থানের নাম, বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের নাম, ছবি, রাস্তা— এগুলো যুক্ত করে থাকে। আবার এগুলো এডিটও করা যায়। তবে যে কেউ স্থানের নাম যুক্ত করলে বা এডিট করলে সেটি গুগল সঙ্গে সঙ্গে দেখায় না। যতক্ষণ না অন্য কেউ সেটি এপ্রুভ না করে। এই সুযোগ নিয়ে বিভিন্ন সিগনালে বা মোড়ে 'এখানে মোবাইল চুরি হয়' ও 'এখানে মোবাইল ছিনতাই হয়' পিন যুক্ত করা হাস্যকরই বটে!
ঢাকার গুগল ম্যাপসের এইট লেভেলের লোকাল গাইড মাহমুদ খান দেশ রূপান্তরকে বলেন, ম্যাপে আমরা মূলত রিভিউ ও ছবি যোগ করে থাকি। মাঝে মধ্যে সড়কও। ভুলভাল নাম চোখের সামনে আসলেই এডিট করে দিই। এক শ্রেণির লোকেরা দুষ্টুমি করেই হোক বা সতর্কতার জন্যই হোক রাস্তার নামগুলো এভাবে পিন করে ঠিক করছেন না।
আরও পড়ুন
গুগল ম্যাপসে লোকেশন পিন— 'এখানে পুলিশ গাড়ি ধরে!'