আগামী সেপ্টেম্বরেই আসছে পরিবারের নতুন অতিথি। সে অপেক্ষায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর এই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করার পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।
সম্প্রতি হাইহিল জুতা পরায় সমালোচিত হন তিনি। কখনো নেটিজেনরা বলছেন— দীপিকার স্ফীত উদর মোটেই আসল নয়। আবার কখনো বলছেন— কেন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি এমন জুতা পরেছেন। এবার দীপিকার হয়ে কথা বললেন বলিউডের আরেক অভিনেত্রী রিচা চাড্ডা।
রিচা চড্ডা অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই কোলে আসছে নতুন অতিথি। তাই অন্তঃসত্ত্বা মহিলাদের উদ্দেশে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য মেনে নিতে নারাজ তিনি। বিশেষ করে কোনো পুরুষের থেকে কোনো রকম ‘জ্ঞান’ শুনবেন না বলে স্পষ্ট করেছেন রিচা চড্ডা।
এক অনুষ্ঠানে কালো রঙের পোশাক ও কালো রঙের হিল-জুতা পরেছিলেন দীপিকা পাড়ুকোন। কেন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি এমন জুতা পরেছেন, এই নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা।
দীপিকার সমর্থনে এক নেটিজেন লিখেছেন— নিজের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা দীপিকার রয়েছে এবং এ নিয়ে কারও কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। সেই পোস্টের নিচে রিচা চড্ডা লিখেছেন, ‘যাদের জরায়ু নেই, তাদের কোনো জ্ঞান দিতে হবে না।‘
দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবির প্রচার নিয়েই এ মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে রিচাকে কিছু দিন আগেই দেখা গেছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ওয়েব সিরিজ় ‘হীরামন্ডি’-তে।
প্রেসিডেন্টকে কালো জাদুর চেষ্টা, মালদ্বীপে মন্ত্রী গ্রেপ্তার
৪৫ লাখের গাড়ি কিনলেন অপু নাকি শাকিবের উপহার!