মসজিদের সামনে পড়ে ছিলেন নৈশ প্রহরী, পাশ দিয়ে গেছে রক্তের ঢল

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৫:৫৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে রক্তাক্ত অবস্থায় কায়ছার প্রামাণিক (৭১) নামে এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মসজিদের সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কায়ছার ওই গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে কায়সার প্রামাণিক মসজিদের পাশে একটি পুকুরের নৈশ প্রহরীর কাজ করতেন। প্রতিদিন রাতে কাজ শেষ করে ভোর বেলা বাড়িতে ফিরেন তিনি। সেদিন আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার ফজরের নামাজের ওয়াক্ত হলে মসজিদে যান মুসল্লীরা। পথিমধ্যে কায়ছারের মৃতদেহ পড়ে থাকতে দেখেন মুসল্লীরা। আর মরদেহের পাশ দিয়ে বয়ে গেছে রক্তের ঢল। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে গ্রামের মধ্যে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু কীভাবে হয়েছে এর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম (পিএম) রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত