পর্তুগালকে হারিয়ে ১২৫ কোটি টাকা পাচ্ছেন জর্জিয়ার ফুটবলাররা

আপডেট : ২৮ জুন ২০২৪, ০১:৪৯ পিএম

ইউরোতে এবারই প্রথম খেলছে জর্জিয়া। অভিষেক আসরেই তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে। দেশটির ফুটবল ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশভিলি তাই বড় অঙ্কের অর্থ পুরস্কারই ঘোষণা করেছেন।

এই জয়কে ‘ঐতিহাসিক ও স্বপ্নের’ উল্লেখ করে খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের জন্য ইভানিশভিলি ৩ কোটি জর্জিয়ান লারি পুরস্কার ঘোষণা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ৪৯ লাখ টাকার বেশি।

জর্জিয়া শেষ ষোলোয় স্পেনকে হারাতে পারলে আরও ১২৫ কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন।

৬৮ বছর বয়সী ইভানিশভিলি জর্জিয়ার শাসক দল ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা। ২০১১ সালে দলটি প্রতিষ্ঠা করার পরের বছর দেশের প্রধানমন্ত্রী হন তিনি। তবে এক বছর পরই উত্তরসূরির হাতে দায়িত্ব ছেড়ে দেন। যদিও জর্জিয়ার শাসনক্ষমতায় তাকে এখনো ব্যাপকভাবে প্রভাবশালী মনে করা হয়।

নব্বইয়ের দশকে রাশিয়ায় ব্যাংকিং, কম্পিউটার ও লৌহ খাতে বিনিয়োগ করে ধনকুবের হয়ে ওঠেন তিনি। বাণিজ্য সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে ইভানিশভিলি ৪৯০ কোটি মার্কিন ডলারের মালিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত