ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশরাফ, সম্পাদক মিশন

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৮:০৭ পিএম

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন এলআরএফ’র (ল’ রিপোর্টার্স ফোরাম) ২০২৪- ২০২৫ মেয়াদে সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফ-উল-আলম এবং সাধারণ সম্পাদক পদে ইংরেজি দৈনিক নিউএজ’র জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুজ্জামান মিশন নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ভবনের দক্ষিণ হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

ফোরামের ২০২৩- ২০২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি স্বপন দাসগুপ্ত, সালেহ উদ্দিন, এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরণ,  মাশহুদুল হক, ফোরামের সিনিয়র সদস্য আলী আসগর স্বপন, কাজী আব্দুল হান্নান, শহীদুজ্জামানসহ সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার স্বপন দাসগুপ্ত। এতে সহসভাপতি পদে হাসান জাবেদ (এনটিভি), যুগ্ম সম্পাদক পদে আলমগীর হোসেন (যুগান্তর), অর্থ সম্পাদক পদে মনজুর হোসাইন  (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক পদে এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক পদে জাকের হোসেন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টি ফোর), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জাবেদ আখতার (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামীমা আক্তার (দেশ টিভি), এম এ নাছের (চ্যানেল ২৪) এবং উৎপল রায় (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনাকারী অপর দুই সদস্য হলেন সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন ও তোফায়েল হোসেন। এদিকে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্যপদ সংক্রান্ত একটি ধারার সংশোধনী নিয়ে মতবিরোধের জেরে কয়েকজন সদস্য সভা থেকে বেরিয়ে যান। পরে বিকেলে তারা পাল্টা কমিটি ঘোষণা করেন।

এ কমিটির সভাপতি পদে চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস’র জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম রব্বানীর নাম ঘোষণা করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত