ভুল চিকিৎসার দায়ে দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত 

আপডেট : ২৮ জুন ২০২৪, ১০:৪৮ পিএম

চিকিৎসায় অবহেলা ও মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে এক রোগীর মৃত্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। শাস্তি হিসেবে আকবর হেলথ কেয়ারের অধ্যাপক কর্ণেল (অবসরপ্রাপ্ত) ডা. মো. নুরুল আজিমের রেজিস্ট্রেশন পাঁচ বছর ও ডা. তানজিমা তাজরিনের এক বছরের জন্য স্থগিত করা হয়। 

ডা. মো. নুরুল আজিম ও ডা. তানজিমা তাজরিন

বৃহস্পতিবার (২৭ জুন) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল চিকিৎসা ও অবহেলায় মেয়ের মৃত্যুজনিত কারণ উল্লেখ করে ২০২১ সালের ৩ নভেম্বর বিএমডিসিতে অভিযোগ দাখিল করেন আহমেদ রসিদ ও শর্মিষ্ঠা আহমেদ দম্পতি। এতে কর্নেল অধ্যাপক ডা. মো. নুরুল আজিমকে অভিযুক্ত করা হয়। অভিযোগের পর কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার গ্রহণ করে। পরবর্তীতে কাউন্সিল কর্তৃক তদন্ত কমিটি গঠন করলে তদন্তে প্রমাণিত হয় যে, তিনি একজন অভিজ্ঞ ও সিনিয়র বিশেষজ্ঞ হিসেবে তার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করেছেন। মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে রোগীর মৃত্যু হয়।

এতে বলা হয়, ডা. তানজিয়া তাজরিন মূলত ডা. নুরুল আজিমের তত্ত্বাবধানে কাউন্সিলিংয়ের কাজ করতেন। কাউন্সিলিংয়ের কাজে অদক্ষতা, অপেশাদারি আচরণ ও পেশাগত স্বীকৃত কাঠামো মেনে চলার অসামর্থ্য প্রতীয়মান হয়েছে। এ ছাড়া, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও তার ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানও উল্লেখযোগ্য ঘাটতি প্রমাণিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত