৮১ ভরি স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা, কারবারি গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৯:১৭ পিএম

রাজশাহীতে ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৩ লাখ টাকা। রবিবার রাতে নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোরাকারবারির নাম দেলোয়ার হোসেন (৩৬)। তিনি নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।

জামিরুল ইসলাম ঘটনার বিবরণে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার নগর গোয়েন্দা পুলিশ জানতে পারে কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের জন্য কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদী পথে নৌকায় ভারতে নিয়ে যাবে।

খবর পেয়ে বেলা ১২টায় নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান করেন। কিছু সময় পর তারা তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন কৌশলে পালিয়ে গেলেও অপরজনকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার আসামির কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ওই স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত