ছাগলের দুধ খাচ্ছে বাছুর!

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:১৫ পিএম

আমরা প্রায় শুনি এক প্রাণীর দুধ আরেক প্রাণি খেয়ে বেড়ে উঠছে। এমন এক ঘটনা এবার দেখা গেছে টাঙ্গাইলের ভুঞাপুরে। টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।

ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহজাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদৃশ্য একনজর দেখতে কৃষক শাহজাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক শাহজাহান নিজেই সকালে গোয়ালঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভী গরু বের করেন। তারপর বাছুরকে বের করার সাথে সাথেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করলো। বিষয়টি দেখে সবাই আশ্চর্য হচ্ছেন। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছে না তারা দুধ খাওয়ার এমন দৃশ্য দেখতে ভিড় করছে শাহজাহানের বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।

কৃষক শাহজাহান তালুকদার জানান, গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভীও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুরটি ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।

এমন দৃশ্য দেখতে আসা আলমগীর, দিশাদ ও রনি বলেন, গাভীর দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস জানান, প্রাণিকূলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এমন ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত