কস্তা বীরত্বে কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগাল

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১০:৪১ এএম

ইউরোর শেষ ষোলোতে পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে হয়নি কোন গোল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে (১০৫ মিনিট) পেনাল্টি থেকে গোল করতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি মিস করে কাঁদলেন তিনি।

অতিরিক্ত সময়েও একই ফল থাকলো (০-০)। শঙ্কা জাগে রোনালদোর পর্তুগালের বিদায়ের।

নির্ধারিত ও অতরিক্ত সময়ে পর্তুগালকে গোল হজম করা থেকে বাঁচিয়েছেন গোলকিপার দিওগো কস্তা। টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়েছেন পর্তুগিজ অতিমানব! ইউরো ইতিহাসে প্রথম গোলকিপার হিসাবে কস্তা তিনটি শট ঠেকালেন টাইব্রেকারে। তাতে টাইব্রেকারে পর্তুগাল ৩-০ ব্যবধানে জিতে উঠলো কোয়ার্টার ফাইনালে।

পর্তুগিজ গোলকিপার কস্তা হন ম্যাচসেরা।

স্লোভেনিয়া প্রথম তিনটি শটেই লক্ষ্যভেদ করতে পারেনি। পর্তুগালের হয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা। স্লোভেনিয়ার জোসিপ ইলিচিচ, জুরে বালকোভেচ ও বেঞ্জামিন ভারবিচের শট ঠেকান কস্তা।

শেষ শটটি ঠেকানোর পর মাঝমাঠে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে থাকা রোনালদোর মুখে হাসি ফোটে।

তার আগে টাইব্রেকারে বল জালে পাঠিয়ে রোনালদো উদযাপন করেছেন দু হাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। সেটি যে পেনাল্টি মিসের জন্য তা তো আর বলে বোঝার বাকি নেই।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল খেলবে ফ্রান্সের বিপক্ষে। ফ্রান্স শেষ ষোলোতে আত্মঘাতী গোলে হারিয়েছে বেলজিয়ামকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত