নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই এর প্রতিশ্রুতি বাইডেনের

  • আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাইডেন
  • খারাপ বিতর্কের পর নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার আহ্বানগুলো ঝেড়ে ফেললেন তিনি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১১:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রথম ধাপের বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পরাজয় ও খারাপ করার পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ বেড়েছে তার ওপর।

কিন্তু আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাইডেন। সব চাপ উপেক্ষা করে লড়াইয়ে ‘শেষ পর্যন্ত’ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তা ব্যক্তির সঙ্গে এক ফোনকলে এসব কথা বলেন বাইডেন। তাঁর প্রার্থিতা নিয়ে উদ্বেগে থাকা ব্যক্তিদের বাইডেন ওই ফোনকলে যুক্ত করেছিলেন বলে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। গতবারের মত এবারের নির্বাচনেও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন এবং সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল।

মূলত গত সপ্তাহের সেই বিতর্কের পর থেকে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, ৮০ বছরের বেশি বয়সি বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন তিনি।

এমন অবস্থায় বুধবার প্রচারণা কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেন বাইডেন। নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার আহ্বানগুলো ঝেড়ে ফেললেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত