শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। সেই ম্যাচের আগে জানিয়ে দেওয়া হলো, ম্যাচে থাকছে না অতিরিক্ত সময়। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন সমতায় থাকলে ম্যাচ চলে যাবে সরাসরি পেনাল্টি শুটআউটে।
অবশ্য ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে অতিরিক্ত সময়। শিরোপার নির্ধারণী মঞ্চে নির্ধারিত সময়ে ফল নিষ্পত্তি না হলে দেওয়া হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই সময়েও জয়ী দল পাওয়া না গেলে হবে টাইব্রেকার।
এই নিয়ম কোপা আমেরিকায় এবারই প্রথম নয়। গত আসরেও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অতিরিক্ত সময় ছিল না। আর্জেন্টিনা যেমন কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত সময়ে সেমিফাইনাল জিততে না পারলে টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছিল ফল।
এবারের কোপা আমেরিকা হচ্ছে লাতিন অঞ্চলের বাইরে। যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান এই টুর্নামেন্টে লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে যোগ দিয়েছে কনকাকাফ অঞ্চলের ৬ দল। মোট ১৬ দলের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
কোয়ার্টার ফাইনালে লড়াইয়ের অপেক্ষায় আছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, পনামা, ভেনেজুয়েলা ও কানাডা। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ আটের লড়াই।
