আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা খুব আনন্দিত। আমরা শিবচরে বিচার বিভাগ থেকে দুটো প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। শনিবার (৬ জুলাই) সকালে মাদারীপুরের শিবচরে প্রস্তাবিত বাংলাদেশ জুডিসিয়াল একাডেমির অগ্রগতি ও আইন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চিফ জুডিসিয়াল একাডেমি করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার নাম হবে, বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। আমরা পরিকল্পনা করেছি সেই বিশ্ববিদ্যালয়টি শিবচরে করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, এটি হবে দেশের মধ্যে প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। সেই আইন বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থানে ৩টি জায়গা পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য স্থানগুলো হল- পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী, শিবচর পৌরসভার চর শামাইল।
এইগুলোর মধ্যে যেই স্থানটিতে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত বলে মনে হবে আমরা সেই স্থানটিকেই বেছে নেব। কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দিব, কোন স্থানটিতে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। তবে আশা করি, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়টি শিবচরেই স্থাপিত হবে।
এছাড়াও দেশে চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যেকোনো বিষয়ে আদালতে মামলা চলাকালীন প্রসঙ্গে আমি কখনোই কোনো মন্তব্য করি না। আজকেও এই বিষয়ে কোনো মন্তব্য করবো না।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, আইনমন্ত্রীর রএকান্ত সচিব দীপঙ্কর রায়, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুরের (ভারপ্রাপ্ত) জেলা জজ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম ৷
শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনপ্রমুখ।
