বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একবিংশ শতাব্দীর এই সময়ে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত। আশা করি, সময় থাকতে সরকার ছাত্র সমাজের ন্যায়সংগত যৌক্তিক দাবিসমূহ মেনে নেবে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য। এই আন্দোলনও আমরা সমর্থন করছি এবং অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
কোটাবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি ভর করছে কি-না, এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। দেশের ভেতরে যা হচ্ছে, তার প্রতিক্রিয়া বিএনপিকে দিতেই হবে। ছাত্র আন্দোলনে বিএনপির সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই। তাই বলে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন করব না?’
