ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার প্রতিটি স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আবারও জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার মধ্য গাজার জাতিসংঘ পরিচালিত এক বিদ্যালয়ে এ হামলা হয়। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।
হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের স্কুলে হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।
শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজা জরুরি বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শী আয়মান আল-আতুনেহ জানান, তিনি ইসরায়েলি হামলায় মৃতদের মধ্যে শিশুদের দেখেছেন। তিনি বলেন, "আমরা হামলার জায়গা দেখতে দৌড়ে এখানে এসেছি, আমরা শিশুদের ছিন্ন বিছিন্ন মরদেহ দেখেছি।
আয়মান আরও জানান, এখানে একটি খেলার মাঠ ছিল, এখানে শিশুদের খেলার দোলনা-সেট এবং অনেক কিছু ছিল।
তবে হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী বলছে, ওই এলাকাটিকে আস্তানা হিসাবে ব্যবহার করছে হামাস। তাই হামাসের বন্দুকধারী যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। হামলার আগে বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমানোর জন্য সতর্কতা অবলম্বন করেছে তারা।
তবে ইসরায়েলের দাবি অস্বীকার করেছে হামাস। এছাড়া সেখানে তাদের যোদ্ধাদের উপস্থিতিও অস্বীকার করেছে সংগঠনটি।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে, উপত্যকাজুড়ে ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর বেশিরভাগ নারী ও শিশু। খাবার, পানি, চিকিৎসা সেবা, ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজাবাসী।
