ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহাসড়কের পাশে কাটা গাছ ক্রেনে তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা (মনকসাই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের জাহানাবাদ এলাকার আবদুল সালামের ছেলে পারভেজ (২৫), কুমিরা জুবানতলা এলাকার বাবুল মিয়ার ছেলে বাপ্পি (২৫)। তারা দুজন ক্রেনের চালক ও হেলপার ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মেদ জানান, জেলার কসবা উপজেলার খাড়েরা (মনকসাই) এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের রাস্তার পাশে কাটা গাছ ক্রেনে তোলার সময় ক্রেনের চালক ও হেলপার অসর্তকবশত রাস্তার পাশে থাকা বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
