‘এক আঙিনায় তিনটি গাছ, শান্তিতে থাকি বারো মাস’ এই প্রতিপাদ্যে ফেনীর ছাগলনাইয়ার মহামায়ায় বৃক্ষরোপণ কর্মসূচী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সবার হাতে তুলে দেওয়া হয়েছে ‘বৃক্ষরোপণ গাইড’, যেটির মাধ্যমে সঠিকভাবে গাছ রোপণের সকল গাইডলাইন ও গাছের উপকারীতা তুলে ধরা হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকাল ১১টায় ফেনীর ছাগলনাইয়ার চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণ মহোৎসব’ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও ‘বৃক্ষরোপণ গাইড’ বিতরণ করেন। এর আগে সকাল ১০টায় নিজ বাড়িতে গাছের চারা রোপণ করে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
কর্মসূচির আয়োজক সমাজকর্মী আহমেদ মাহি রাসেল জানান, রোপণ ও বিতরণ করা বৃক্ষের মধ্যে ছিল পেয়ারা, মেহগনি, নিম, গামারি, কড়ইসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের ১২০০ চারা। এছাড়া প্রত্যেককে দেওয়া হয় একটি করে ‘বৃক্ষরোপণ গাইড’, এই গাইডে কোথায় কী গাছ লাগানো উচিত এবং গাছ রোপণের সঠিক পদ্ধতি খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানে গাছ রোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় তরুণদের মাঝে বক্তব্য প্রদান করেন সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব সোলায়মান সুখন। ৫ নং মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন কবি ওবায়দুর রহমান।
এ সময় সমাজকর্মী আহমেদ মাহি রাসেলের বাবা কবি ওবায়দুর রহমানের দুটি কাব্যগ্রন্থ ‘বিশেষ দ্রষ্টব্য’ ও ‘নর্মদা রমণী’—এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া আহমেদ মাহি রাসেলের উদ্যোগে প্রাইমারি ও হাইস্কুলের ৩০জন মেধাবী শিক্ষার্থী এবং জিপিএ ফাইভ প্রাপ্ত এক শিক্ষার্থীর হাতে সর্বমোট অর্ধ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি।
