মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকবিরোধী পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে জানা গেছে।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক চোরাকারবারিদের গ্রেপ্তার করে দেশটির মাদক বিরোধী পুলিশ।
সৌদির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট জানায়, তারা রিয়াদ থেকে ৩.৩ কেজি অতিমাত্রায় আসক্ত উত্তেজক মেথামফেটামিন, প্রায় সাড়ে বারো হাজার অ্যামফিটামিনের ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা করার দায়ে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
এছাড়া অ্যামফিটামিনের ২১ হাজার ট্যাবলেট চোরাচালানের দায়ে দেশটির বন্দর নগরী জেদ্দায় দুই সিরিয়ান নাগরিক এবং একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অন্যদিকে পৃথক অভিযানে, সৌদি আরবের পবিত্র শহর মদিনায় অ্যামফিটামিনের ৭৫ হাজার ৬০০ ট্যাবলেটসহ একজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের সীমান্ত লঙ্ঘনকারী দুই ইথিওপিয়ানকে আটক করেছে সীমান্তরক্ষীরা। তারা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিল।
সাম্প্রতিক কয়েক মাস ধরে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এর লক্ষ্যেই দেশটিতে মাদক চোরাচালানকারী এবং পাচারকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন জোরদার করেছে কর্তৃপক্ষ।
গাজায় ইসরায়েলের হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত