ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে হামাস প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি এক কর্মকর্তা।
স্থানীয় সময় গতকাল রোববার গাজা সিটির পশ্চিমাঞ্চলের হলি ফ্যামিলি গির্জার পাশের হলি ফ্যামিলি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, নিহত হামাস কর্মকর্তার নাম এহাব আল-গুসেইন। মাত্র তিন মাস আগে তিনি গাজায় হামাস সরকারের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।
তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সেখানে ‘সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে এবং লুকিয়ে কার্যক্রম পরিচালনা করছে’—এমন খবরের ভিত্তিতে গাজার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে তারা। তবে বেসামরিক নাগরিকদের ক্ষতি হওয়ার ঝুঁকি কমাতে নানা পদক্ষেপ নিয়েছিল তারা।
বিবিসি জানায়, স্কুলের ভবনটিতে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছিল। ভবনটির নিচতলায় দুটি শ্রেণীকক্ষকে লক্ষ্য করে বিমান হামলাটি চালানো হয়েছে।
এহাব আল-গুসেইন আগে হামাস প্রশাসনের উপ-শ্রমমন্ত্রী ছিলেন এবং তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিলেন। তার মৃত্যুকে সামরিকভাবে হামাসের জন্য বড় কোন আঘাত মনে করা না হলেও তাকে হামাস প্রশাসনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হত।
বিবিসি জানায়, গত নয় মাসে হামাস প্রশাসনের আরও অনেকে নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েল গাজা সিটির মধ্যাঞ্চল থেকে নতুন করে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, গাজার জনসংখ্যার ৯০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৫ লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধা সহ্য করছে এবং বেশিরভাগ হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে।
ঝুলন্ত পার্লামেন্টের মুখোমুখি ফ্রান্স, সরকার গঠনে অনিশ্চয়তা