সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চার দফা থেকে সরে এখন এক দফায় নেমে এসেছেন। তারা দাবি করেছেন, সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে।
এ দাবিতে কোটাবিরোধী শিক্ষার্থীরা আজ সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির পালন করছেন। বিকেল সাড়ে তিনটার পর থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, বাংলামটর, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেও বিক্ষোভ করছেন। এতে করে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
কর্মসূচি ঘিরে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। শাহবাগ চত্বরের চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে। শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল এর মাঝখানেও পুলিশ জড়ো হতে দেখা গেছে। পুলিশের রমনা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের তরফ থেকে কোনো বাধা দেওয়া হবে না। তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টা নাগাদ শাহবাগে অবস্থান গ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে করে আশপাশের সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে আন্দোলনের ৮ম দিনে এই কর্মসূচির জন্য জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৪টায় তারা শাহবাগে এসে জড়ো হন।
অবস্থান নিয়ে শিক্ষার্থীরা, একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷
নাইট পার্টিতে ব্রাজিলিয়ান সুন্দরীর ‘বাহুডোরে’ শাহরুখপুত্র!
অর্থ আত্মসাৎ মামলা বাতিলে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন