যারা ঠকে তারা ঠকাতে পারে না: অপরাজিতা আঢ্য

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৬:৪৭ পিএম

পশ্চিমবঙ্গের টিভি ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে পর্দায় নানা চরিত্রে দেখা গেছে। বাস্তবে দারুণ হাসিখুশি জীবনযাপন করেন। কিন্তু তারও জীবনের অনেক গল্প, অনুভূতি আড়ালে পড়ে আছে।

আঢ্য তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা প্রবলভাবে ঠকে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না। বড়জোর বিশ্বাস করা ছেড়ে দেয়। আমি বিশ্বাস করি, যারা ধ্বংস হয়, তারা কোনোদিন কাউকে নিঃস্ব করতে পারে না। বড়জোর হারিয়ে দিতে শিখে যায়, জীবন শিখিয়ে দেয়। কিন্তু ধ্বংস করতে পারে না।’

যাদের কথা বলার কেউ থাকে না, তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন- এমনটাই উল্লেখ করে বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা চরমভাবে অপেক্ষা করতে জানে, তারা কখনো কাউকে উপেক্ষা করতে পারে না। বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়, তাদের ওপর আর কোনোকিছুই কোনো প্রভাব ফেলতে পারে না। যাদের কথা বলার কেউ থাকে না, তারাই অন্যের কথা মন দিয়ে শোনে।’

তিনি বলেন, ‘সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে, তারা কোনোদিন কোনো সম্পর্ক ভাঙতে পারে না। বরঞ্চ কোনো সম্পর্কে তারা আর জড়ায় না। যারা ভীষণভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায়, তারা অন্য কাউকে অবহেলা করে না কখনো। বরং বলা ভালো, খুব সুন্দরভাবে সবকিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা।’

 অপরাজিতা আঢ্যর ভাষায়, ‘যাদের নিজস্ব গন্ধ কমে এসেছে, তারাই প্রতিটা মানুষের বুকের খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে। ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবশ হয়ে এসেছে, তারাই একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে।’

অপরাজিতা আঢ্য মাত্র ১৯ বছর বয়সে টলিউডের সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরাকে বিয়ে করেন। পর্দায় বহুবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। কিন্তু বিয়ের পর ২৭ বছর কেটে গেলেও এখনো সন্তানের মা হননি এই অভিনেত্রী। যদিও এ নিয়ে তার কোনো দুঃখবোধ নেই বলে জানিয়েছেন। হঠাৎ এ ধরনের পোস্ট কেন করেছেন, তার কোনো কারণ ব্যাখ্যা করেননি অপরাজিতা। তবে ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা তার গভীর এই অনুভূতির লেখা পড়ে মুগ্ধতা প্রকাশ করেছেন কমেন্ট বক্সে।

অপরাজিতা ১৯৯৮ সালে ‘শিমুল পারুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলোÑ ‘চুপ কথা’, ‘গয়নার বাক্স’, ‘ওপেনটি বায়োস্কোপ’, ‘বেলা শেষে’, ‘প্রাক্তন’, ‘সমান্তরাল’ প্রভৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত