শিশু হাসপাতালসহ ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা, নিহত বেড়ে ৪১

  • শিশুদের হাসপাতাল, মাতৃত্ব কেন্দ্র এবং বাড়িঘরসহ ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু থেকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করা হয়েছে এটিকে
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১০:৩২ এএম

গতকাল সোমবার সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এমনকি দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শত মানুষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলায় তিন শিশুসহ মৃতের সংখ্যা ৩৭ জন৷ আহত হয়েছেন ১৭০ জনেরও বেশি। তবে রয়টার্স জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৪১ জন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘শিশুদের হাসপাতাল, কিয়েভের একটি মাতৃত্ব কেন্দ্র, শিশুদের নার্সারি, একটি ব্যবসায়িক কেন্দ্র এবং বাড়িঘরসহ ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।‘

এ সময় তিনি বলেন, "রুশ সন্ত্রাসীদের অবশ্যই এই হামলার জবাব দিতে হবে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর ক্রাইভ রিহ, দিনিপ্রো এবং দুটি পূর্বাঞ্চলীয় শহরগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করা হয়েছে এটিকে।

মঙ্গলবার শোক দিবস ঘোষণা করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া থেকে উৎক্ষেপিত ৩০-৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, এই হামলাটি রাশিয়া যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় হামলা ছিল, যার ফলে সাতটি শহরের ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিশু হাসপাতালের পাঁচটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে তিন দিনের ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত