ভোলার মেঘনায় ড্রেজার ডুবি: ২ শ্রমিকের লাশ উদ্ধার, নিখোঁজ তিন

  • মঙ্গলবার ভোররাতে ভাড়াটে ডুবুরি টিম দুজন শ্রমিকের মরদেহ উদ্ধার করে
  • এখনও নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম

ভোলার মেঘনা নদীতে ৫ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ড্রেজার আফসানা-১ এর কেবিন থেকে মো. আরিফুল ইসলাম ও নুরে আলম নামের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মিলছেনা ৩ শ্রমিকের।

মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত ৩ টার দিকে মালিক পক্ষের ভাড়াটে ডুবুরি টিম ওই দু'জনের মরদেহ উদ্ধার করে।

ভোলার ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বিকেলে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পাওয়া যায়।

উদ্ধার হওয়া মরদেহটি দু’টির মধ্যে একটি নুরে আলমের অপরটি আরিফুল ইসলামের। মৃত নুরে আলম ডুবে যাওয়া ড্রেজারটির মালিক ছিলেন। ডুবুরি টিম ড্রেজারটির কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করে। তবে এখনও নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধারে বেসরকারি ডুবুরি টিম কাজ করে যাচ্ছে।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. লিটন জানান, সোমবার বিকেলে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির অবস্থান শনাক্ত করা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগেই মালিকপক্ষের ভাড়াটে ডুবুরি টিম ভোররাতে দু'জনের মরদেহ উদ্ধার করেছে। এখন ভাড়াটে ডুবুরি টিম ও সরকারি ডুবুরি টিম যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। বাকি ৩ জনের মরদেহ খোঁজা হচ্ছে।

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, ড্রেজারটির দুটি কেবিন ভেতর থেকে আটকানো। ডুবুরি টিম চেষ্টা করছে ড্রেজারটি নদীর তলদেশ থেকে ভাসমান অবস্থায় নিয়ে আসার জন্য।

অন্যদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা ঘটনাস্থলে এসে আহাজারি করছেন। তারা নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অপেক্ষার প্রহর গুনছেন। নিহত ও নিখোঁজদের এলাকায় চলছে শোকের মাতম।

উল্লেখ, রোববার রাতে ভোলার মেঘনা নদীর গাজীপুর চর নামক এলাকা থেকে বালু উত্তোলনের সময় আফসানা-১ নামের ড্রেজারটি ৫ শ্রমিক নিয়ে ডুবে যায়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে মো. হারুন (৫৫), সিয়াম আহমেদ (২৩) ও তানজিল আহমেদ (২৩) নামের ৩ শ্রমিক। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত