রামগতিতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:৫৯ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে জোয়ারের পানিতে জাল পেতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আবিদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আবিদ বালুরচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, সোমবার দিবাগত রাতে আবিদ বাড়ির পার্শ্ববর্তী জমিতে ওঠা জোয়ারের পানিতে কইয়া জাল পাততে গিয়ে সাপের কামড়ের শিকার হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

স্কুলের সভাপতি মো. রিপন পাটোওয়ারী ও প্রধান শিক্ষক আবদুস সালাম জানান, নিহত আবিদ ছিল ৮ম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। আবিদের মৃত্যুটা সত্যি কষ্টদায়ক।

রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার দেশ রূপান্তরকে জানান, স্কুলছাত্র আবিদকে আনার পর তার শরীরে কিছু লক্ষণ দেখা যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত