ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে থেকে যেতে হয়েছিল হেরে যাওয়া দলের তালিকায়। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছরের শিরোপা খরা কাটায় ভারত। দেশবাসীকে আনন্দের ঢেউয়ে ভাসানোর সুবাদে চ্যাম্পিয়ন দলের জন্য ১২৫ কোটি রুপির প্রাইজমানি ঘোষণা করেছিল বিসিসিআই।
সেই ১২৫ কোটি রুপি বিভক্ত হওয়ার কথা দলের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফসহ সব সদস্যদের মাঝে। বিশ্বকাপের মূল দলে থাকা ১৫ ক্রিকেটার ও হেড কোচের জন্য অর্থ পুরস্কার বরাদ্দ করা হয়েছিল ৫ কোটি রুপি করে। সহকারি কোচদের জন্য তার অর্ধেক অর্থাৎ ২.৫ কোটি রুপি। এর পর বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড় হাঁটেন উল্টো পথে। ঘোষণা দেন অতিরিক্ত বোনাস গ্রহণ না করার। তার সহকারি কোচরা বোনাস হিসেবে যে পরিমাণ অর্থ পুরস্কার পাবেন তিনিও সেটুকুই নেবেন।
ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্রেদের কৃতিত্বকে বড় করে দেখার এ দৃষ্টিভঙ্গিই প্রমাণ করে ব্যক্তি হিসেবে রাহুল দ্রাবিড় কতটা আদর্শিক। দলের সবাইকে সমান প্রাধান্য দেওয়ার এমন মানসিকতাই রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতীয় দলে প্রতিষ্ঠা করে দারুণ পরিবেশের। তারই তো ফল এবারের বিশ্বকাপ জয়।
এ বিষয়ে বিসিসিআইয়ের এক সদস্য গণমাধ্যমকে জানান, ‘বাকি সাপোর্ট স্টাফরা যে অর্থ পাচ্ছেন, রাহুলও একই অর্থ দাবি করেছেন। আমরা ওর আবেগকে শ্রদ্ধা জানাই।’ বোনাস হিসেবে বিশ্বকাপ জয়ী দলের তিন ফিজিওথেরাপিস্ট, তিন থ্রোয়ার, দুই ম্যাসুউর এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ পাচ্ছেন ২ কোটি রুপি করে। চার রিজার্ভ খেলোয়াড় ও নির্বাচকরা পাবেন ১ কোটি রুপি।
