২০১২ সালের নভেম্বরে নগরের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার গার্ডার ধসে ১৩ জন নিহত হওয়ার মামলায় ৮ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস (জেভি) বহদ্দারহাট ফ্লাইওভারের প্রজেক্ট ম্যানেজার মো. গিয়াস উদ্দীন, সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. মনজুরুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই, মো. মোশারফ হোসেন রিয়াজ, পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. শাহজাহান আলী, আব্দুল জলিল, আমিনুর রহমান ও রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দেশ রূপান্তরকে জানান, ২০১২ সালের নভেম্বরে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে ১৩ জন নিহতের ঘটনায় করা মামলায় ৮ জন আসামিকে পৃথক ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩জনের প্রাণহানির ঘটনায় প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলীসহ ২৫ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২৬ নভেম্বর মামলা দায়ের করে চান্দগাঁও থানা পুলিশ। তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ অক্টোবর আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৪ সালের ১৮ জুন ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ২২ জন।
কানাডার গোলকিপারকে যেভাবে বোকা বানালেন মেসি
মেট্রো স্টেশনের গেটে তালা