একটি স্বচ্ছ-শুদ্ধ সম্পর্ক মানুষের সাংসারিক জীবন ও আত্মার শান্তির জন্য কতটা প্রভাব ফেলে—এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সুতো’। অপূর্ণ রুবেলের গল্পে এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। প্রচারে আসার পর দর্শকমহলে পাচ্ছে প্রশংসাও। গল্পের বিন্যাস চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘সুতো’য়, এমনটাই বলছেন দর্শকরা।
নাটকটি দেখে একজন মন্তব্য করেন, ‘দৈনন্দিন জীবনের সম্পর্কের ভাঙা-গড়াকে একটি শব্দে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জামার বাঁধন ছিড়ে গেলে যেমন সুতোয় টান পড়ে ঠিক তেমনি মানুষের জীবনের মায়া কেটে গেলেও সম্পর্কের সুতোয় টান পড়ে।’
ইউটিউবে মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘সম্পর্ক শেষ হয়, হৃদয়ের টান থেকে যায় সুতোর মত।’
আরও একজন লিখেন, ‘অসাধারণ একটি নাটক। দাম্পত্য সম্পর্কের ভাঁজে ভাঁজে নিজেকে চেনার কত কত কাহিনী লুকিয়ে থাকে। ধন্যবাদ পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রীদের।’
ইতিবাচক মন্তব্যগুলোকে ভালোবাসা হিসেবে দেখছেন এর পরিচালক ইমরাউল রাফাত। তার ভাষ্য, ‘আমরা যারা দর্শকের ডিমান্ডে নাটক নির্মাণ করি তাদের কাছে দর্শকের অনেক ধরণের মন্তব্য থাকে। যেমন-ভালো গল্পে কাজ করুন কিংবা এর চেয়েও ভালো গল্পে আপনার কাজ দেখতে চাই। এই কাজটা তাদের জন্য যারা সবসময় ভালো গল্পের কাজ দেখতে পছন্দ করেন। কাজটি হয়তো সেভাবে ভিউ হয়নি কিন্তু যারাই দেখেছেন প্রশংসা করছেন, ইতিবাচক মন্তব্য করছেন।’
আকবর হায়দার মুন্না প্রযোজিত ‘সুতো’ নাটকে অভিনয় করেছেন ইরেশ জাকের, সাবিলা নূর, পার্থ শেখ, সাবেরি আলম প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলি খান