ছাত্রীনিবাসের সকালের নাশতায় টিকটিকি, হাসপাতালে ৩৫

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম

সকালের নাশতায় টিকটিকি পড়েছিল। আর সেই খাবার খেয়েই অসুস্থ ভারতের তেলঙ্গানার এক সরকারি ছাত্রীনিবাসের ৩৫ জন শিক্ষার্থী। রাজ্যের মেডক জেলার রামায়ামপেটের ওই ঘটনায় হুলস্থুল পড়ে গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকালের নাশতার পর আবাসনের ছাত্রীদের বমি এবং পেট খারাপের মতো উপসর্গ দেখা দেয়। ১৭ জন অসুস্থ ছাত্রীকে নেওয়া হয় রামায়ামপেট মণ্ডলের একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

অসুস্থরা সকলেই রামায়ামপেটের একটি স্কুলের ছাত্রী। জেলা শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সকালের নাশতায় হঠাৎ টিকটিকি পায় উপমা নামের এক ছাত্রী। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রীনিবাসে। ছাত্রীরা বমি করতে শুরু করে। পরিস্থিতির অবনতি হলে সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তারা খাবারের নমুনা সংগ্রহ করেছেন। এ ঘটনায় বহিষ্কৃত হয়েছে রাঁধুনি এবং তার সহকারী। এছাড়াও শোকজ করা হয়েছে ওই ছাত্রীনিবাসের বিশেষ কর্মকর্তা এবং কেয়ারটেকারকে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত