হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নোয়াপাড়ার চা জনগোষ্ঠীর শ্রমিকদের প্রধানমন্ত্রীর অনুদান থেকে ৫ হাজার টাকা করে উত্তোলনের জন্য স্থানীয় ইউপি সদস্যদের কাছ থেকে টোকেন সংগ্রহ করতে হয়। কিন্তু প্রতিটি টোকেনের জন্য ইউপি সদস্যদের লোকজন শ্রমিকদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছিল।
এ ঘটনায় ভুক্তভোগীরা ৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা করেন। পরে নোয়াপাড়ার দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল চন্দ্র রেলী ও তার ছেলে লিটন রেলী এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল ঘোষ।
এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
