সিদ্ধান্ত চূড়ান্ত, ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৭:৩৩ পিএম

ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাগচি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

বুধবার (১০ জুলাই) আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নবনির্বাচিত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপদেষ্টারা পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগের বিষয়ে ‘প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন’। তাদের কাছে ওই পদে সম্ভাব্য বিকল্প হলেন আব্বাস আরাগচি।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোয় আব্বাসের সঙ্গে পরামর্শ করেছেন প্রেসিডেন্ট মাসুদ। এছাড়াও কিছু আঞ্চলিক নেতা ও ইরান সমর্থিত গোষ্ঠী প্রধানদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন।

গত মে মাসে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মাসুদ। তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে লেখা এক চিঠিতে বলেছেন, লেবাননে তেহরান সমর্থিত গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।

চলতি মাসের শেষের দিকে পার্লামেন্টে শপথ নেয়ার কথা প্রেসিডেন্ট মাসুদের। চলতি সপ্তাহে তিনি রাশিয়া, তুরস্ক, সিরিয়া, মিসর, ইরাক ও আজারবাইজানসহ বেশ কয়েক দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত