কক্সবাজারে পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১:৫১ এএম

কক্সবাজার শহরে পৃথক পাহাড় ধসে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন— শহরের ৬নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা গ্রামের মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) ও ৭নং ওয়ার্ডের সিকদার বাজারের সাইফুলের ছেলে মো: হাসান (১০)। 

নিহত জমিলার স্বামী করিম জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এসময় আচমকা পাহাড়ের কাদামাটি ধসে বসত ঘরের ওপর পড়লে চাপা পড়েন জমিলা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিহত শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধসে তাদের মাটির দেওয়াল ভেঙে শিশু হাসান চাপা পড়ে। পরে ঘটনাস্থল থেকে তাকে মৃত উদ্ধার করে স্থানীয়রা।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ অন্তুনু চাকমা বলেন, বুধবার দিনগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কক্সবাজারে টানা বৃষ্টি হয়। এরইমধ্যে ৬নং ওয়ার্ডে পাহাড়ের মাটি চাপা পড়ে এক নারী ও ৭নং ওয়ার্ডের ঘরের মাটির দেওয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের লাশ সদর হাসপাতাল রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান দুজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, সকালে নারী ও শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত