ডিএমপি

আন্দোলনের যৌক্তিকতা নেই, রাস্তায় নামলেই ব্যবস্থা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০১:৫৮ পিএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেছেন, উচ্চ আদালতের রায়ে কোটায় ৪ সপ্তাহের স্থগিত আদেশ দিয়েছে। ফলে আমরা মনে করি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা হারিয়েছে। এরপরেও যদি কোন শিক্ষার্থী রাস্তায় নামে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সামসময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের নামে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রাজধানীবাসীর দুর্ভোগের সৃষ্টি করেছে। তারপরও আমাদের পেশাদারিত্বের স্থান থেকে তাদের আন্দোলনের সুযোগ দিয়েছি। 

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কোটা ব্যবস্থা আগের মতই বহাল থাকবে বলে ওই পরিপত্রে বলা হয়। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে হাই কোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন।

গত ৫ জুন সেই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়। এরপর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে আন্দোলনে নামেন চাকরি-প্রত্যাশী তরুণরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত