মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে জামাই মো. রাসেলকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১০ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলার মিতইল গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। 

নিহত শাশুড়ি জবেদা বেগম (৬২) মিতইল গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী। গ্রেপ্তার জামাই রাসেল একই গ্রামের মো. সেলিমের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই তবিবুর রহমান বাদী হয়ে আদমদিঘী থানায় মামলা করেছেন। 

র‌্যাব জানায়, রাসেল তার শ্বশুর বাড়িতে স্ত্রীসহ বসবাস করছিলেন। বুধবার দুপুরে খাবার দিতে একটু সময় চান রাসেলের স্ত্রী ছালেহা বেগম। খাবার দিতে দেরি হওয়ায় ছালেহাকে রান্নার কাজে ব্যবহৃত লোহার বেড়ী দিয়ে মারধর করেন। এসময় তার শাশুড়ি জবেদা বেগম মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে রাসেল। এসময় রাসেলের হাতের বেড়ী শাশুড়ি জবেদার গলায় ঢুকে তার মৃত্যু হয়।

র‌্যাবের কমান্ডার মীর মনির হোসেন জানান, ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। বুধবার রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার হাজীপাড়া এলাকা থেকে রাসেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত