সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার ছেলের বউ পিপাসা আক্তার (২১)।
জানা যায়, দুপুর ২টার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোত ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায়।
এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর দুজনের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বিধবা ভাতা থেকে বাদ
সব নিয়ম পায়ে মাড়িয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হচ্ছেন স্বাচিপ নেতা!