জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:০২ এএম

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মুহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ সময় তিনি জলবায়ু সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষমতায়নে জাতিসংঘের সহায়তা কামনা করেন। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদার প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

গত শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে ডেপুটি সেক্রেটারি জেনারেল বিশ্বব্যাপী লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করেন।

এর আগে মন্ত্রী সাবের চৌধুরী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অ্যাডমিনিস্ট্রেটর আচিম স্টেইনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। অ্যাডমিনিস্ট্রেটর বাংলাদেশের নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে তার জলবায়ু প্রতিশ্রুতি পূরণে ইউএনডিপির অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

মন্ত্রী টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের অফিসের (ইউএনওএসডি) প্রধান চুন কিও পার্কের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং প্রাসঙ্গিক জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিসহ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত