ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ডিসিসিআই অডিটোরিয়াম মতিঝিলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনটি উদ্ধোধন করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান।
সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য কামাল উদ্দিন আহমেদ, রিজওয়ান রহমান, এবং ড. মো. আব্দুল করিম উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম, উক্ত সম্মেলনে কোম্পানির অর্ধ-বার্ষিক ব্যবসায়িক অবস্থার বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন।
মন্থর অর্থনৈতিক গতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থার কারণে দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির কারণে ধুঁকতে থাকা বৈশ্বিক অর্থনীতির মধ্যেও কোম্পানির অর্ধ-বার্ষিক প্রিমিয়াম অর্জনের আনুপাতিক লক্ষ্য মাত্রার ৮৪ শতাংশ অর্জিত হওয়ায় চেয়ারম্যান তার উদ্ধোধনী ভাষণে মহান আল্লাহ তা’য়ালার নিকট শুকরিয়া প্রকাশ করেন, যা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনা ও সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও একাগ্রতার ফলে সক্ষম হয়েছে মর্মে উল্লেখ করেন।
বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে অর্জিত প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য চেয়ারম্যান উপস্থিত ঊর্ধ্বতন, নির্বাহী, আঞ্চলিক ও শাখা প্রধানগণকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী পলিসি গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। চেয়ারম্যান কোম্পানির ভাবমূর্তি ও সুনাম রক্ষার স্বার্থে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান আরও মন্তব্য করেন, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স গত ৩৭ বছরের সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বীমা খাতে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানির অর্ধ-বার্ষিক আনুপাতিক ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদেরকে তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং খুলনা বিভাগীয় প্রধান শহীদ-ই-মঞ্জুর মোরশেদ, অতি. ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখার প্রধান মো. শফিউল আলম, অতি. ব্যবস্থাপনা পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এম. গোলাম হাফিজ এবং কোম্পানির অন্যান্য নির্বাহী কর্মকর্তারা সম্মেলনে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
