কোনো ক্লিনিকে অনিয়ম দেখা গেলে সেই ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমি পঞ্চগড়ে একটি ক্লিনিকে গিয়েছি। সেই ক্লিনিকটি বন্ধ করে দিয়েছি। যেই ক্লিনিকে অনিয়ম দেখা যাবে, সেই ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে সব সিভিল সার্জনদের নজর রাখতে বলা হয়েছে। যদি ক্লিনিকগুলোর মধ্যে কোনো ধরনের অনিয়ম দেখা যায় তাহলে সিভিল সার্জনদের দায়বদ্ধ করব আমি।’
গতকাল রবিবার দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি নষ্টের পাশাপাশি চিকিৎসক সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই হাসপাতালে সিটিস্ক্যানসহ বেশ কিছু মেশিন নষ্ট রয়েছে। সেগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে ঠিক করার ব্যবস্থা নেব। আমি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছি। আমি চাই না দিনাজপুরের কোনো রোগী ঢাকায় যাক। দিনাজপুরে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
