কোটা সংস্কার চাওয়া শিক্ষার্থীদের হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের আর কোনো কর্মসূচি পালন করতে দেবে না রাবি ছাত্রলীগ। যদি কোটা আন্দোলনকারীরা মাঠে নামে তাহলে প্রতিহত করা হবে।
সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ছাত্রলীগের দলীয় টেন্টে এ ঘোষণা দেন রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
এর আগে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থান নেন এবং বিভিন্ন হলে বস্তা বোঝাই করে অস্ত্র নিয়ে যেতে দেখা যায়।
সেখানে শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, রাবি ছাত্রলীগ সর্বোচ্চ ভদ্রতা দেখিয়েছে। সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। এবার যদি জামায়াত-শিবিরের প্রেতাত্মারা আর একবার রাজাকার বলে স্লোগান দেয় তাহলে রাবি ছাত্রলীগ আর ছাড় দেবে না। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রলীগ কাজ করছে এবং করবে। আমি নির্দেশ দিচ্ছি আপনারা এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, যাতে এই জামায়াত-শিবিরের প্রেতাত্মারা আর সাউন্ড না করতে পারে।’
শিক্ষার্থীদের ভড়কানোর অপরাজনীতি বন্ধ হোক!