গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণায় আগ্রহী শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ (আরইউআরএস)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ‘রিসার্চ ফর এ বেটার ফিউচার উইথ ড. আবেদ চৌধুরী’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন, রেজিস্টার ইফতিখারুল আলম মাসউদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমতিয়াজ হাসান, ড. মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চব্রিহী ধানের আবিষ্কারক হিসেবে খ্যাত ড. আবেদ চৌধুরী। তিনি রিসার্চ ফর এ বেটার ফিউচার শীর্ষক অনুষ্ঠানে মূল আলোচনায় বক্তব্য প্রদান করেন।

আবেদ চৌধুরী বলেন, পৃথিবীতে কোনও প্রতিষ্ঠান গঠিত হওয়ার আগেই প্রাচীন মানুষের মনে বিজ্ঞান শব্দটি উদ্ভাবিত হয়েছিল। আমরা প্লেটো, আইনস্টাইনসহ অনেক বিখ্যাত বিজ্ঞানীদের নাম জানি, কিন্তু যারা ঘাসকে পোষ মানিয়ে গম, ভুট্টা ও ধানে পরিণত করেছেন, তাদের নাম আমরা জানি না। তবে আমরা সেই সময়ের অবদান ভুলে যাই। আমাদের পূর্বসূরি যারা শস্যকে পোষ মানিয়েছিলেন, আমরা সেই সব কৃষকের সন্তান। তাই, আমরা যেখানে থাকি না কেন, একটি গাছ লাগানোর ইচ্ছে যেন আমাদের মনে থাকে। বাড়ির সামনে বা পেছনে ঘাসের পরিচর্যায় আমরা সময় কাটাই।


গবেষণায় উৎসাহ প্রদান করে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, সবাই গবেষণা করতে চায় কিন্তু দেখার বিষয় হচ্ছে একটা গবেষণাকে নিয়ে কতজন পঁচিশ বছর ধরে অপেক্ষা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং এর থেকে নিজের চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিভিন্ন সুযোগ সুবিধার দিকে না তাকিয়ে লেখাপড়ার পেছনে সময় দিতে হবে। পাশাপাশি নতুন নতুন বিষয়ে জানার চেষ্টা করতে হবে এবং পরিশ্রমী হতে হবে।

অনুষ্ঠানটিতে গবেষণায় আগ্রহী প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তানজিম হাসান প্রাঙ্গণের সভাপতিত্বে এবং নাবিল বিন জাকির ও তামান্না বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত